রাবি প্রতিনিধি
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের সুপারিশ প্রণয়নের ‘সার্চ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম।
বুধবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর স্ব-স্ব আইনের আলোকে ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য এই কমিটি কাজ করবে।
পরিপত্রে কমিটির প্রধান কাজগুলো সম্পর্কে বলা হয় এই কমিটি ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা, সংগৃহীত জীবনবৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা করে ৩ জন উপযুক্ত ব্যক্তির নাম বাছাই করা এবং বাছাইকৃত ৩ জনের মধ্য থেকে একজনকে চূড়ান্ত মনোনয়নের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ পাঠানো।

