এম. শাহীন আল আমীন | জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রি চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে শনিবার (১০ জানুয়ারি) তার অবসর গ্রহণ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে ফুল দিয়ে বরণ করে মঞ্চে নিয়ে আসা হয়। প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয় সুধীজনরা তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে তাকে বাড়িতে পৌঁছে বিদায় জানানো হয়।
ডিগ্রি চর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
বক্তারা জানান, আব্দুস সালামের শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তিনি দক্ষতা, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার মাধ্যমে স্কুল পরিচালনা করেছেন এবং সহকারি শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একজন অনুকরণীয় উদাহরণ স্থাপন করেছেন।
বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, “আমার কর্মজীবন শুরু হয়েছিল রোকনাই উচ্চ বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে ১৯৮৭ সালে। ১৯৯০ সালের ২৮ আগস্ট আমি ডিগ্রি চর উচ্চ বিদ্যালয়ে যোগদান করি প্রধান শিক্ষক হিসেবে। ২৬ বছরের কর্মজীবনের পর ৭ জানুয়ারি আমার শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটলো। আমি সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের ভালোবাসা দিতে এবং সঠিক পথে চলতে শেখাতে। এটি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
আব্দুস সালাম দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা করে অবসরে যান।

