ফুটবল বিশ্বের অন্যতম বড় নাম ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ৪০ বছর বয়সেও মাঠে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছেন। আল-নাসরের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগিজ এই তারকা অফিশিয়াল গোল সংখ্যা ৯৫৮-এ পৌঁছেছেন। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ৪২টি গোল।
রোনালদোর ফর্ম এবং শারীরিক সক্ষমতা অক্ষুণ্ণ থাকলে ২০২৬–২৭ মৌসুমের শুরুতেই এই লক্ষ্য পূরণ সম্ভব বলে বিশ্লেষকরা মনে করছেন। ক্লাব ফুটবলেও তার রেকর্ডের পথে রয়েছে বড় অর্জন। আল-নাসরের সঙ্গে লিগ শিরোপা জিতলে রোনালদো চারটি ভিন্ন দেশে লিগ জেতা খেলোয়াড়দের মধ্যে নাম লেখাবেন।
আন্তর্জাতিক অঙ্গনে, ২০২৬ বিশ্বকাপে গোল করলে তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা রেকর্ড গড়বেন। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে গোল করেছেন রোনালদো; আর লিওনেল মেসির ২০১০ বিশ্বকাপে গোল না থাকার কারণে তিনি এই রেকর্ডে পেছনে।
রোনালদোর পেনাল্টি দক্ষতাও অব্যাহত—ইতিমধ্যেই ১৮০টি পেনাল্টি গোল করেছেন তিনি। মাত্র ২০টি গোল আরও করলে ২০০ পেনাল্টি গোলের নতুন রেকর্ড গড়তে পারবেন। এছাড়া আল-নাসরের সর্বোচ্চ গোলদাতা বিদেশি হিসেবে তার দরকার মাত্র তিনটি গোল।
উল্লেখযোগ্য, ৩০ বছরের বয়সের পর রোনালদো এখন ৪৯৪ গোল করেছেন এবং মাত্র ছয়টি গোল করলেই ৩০ পেরোনোর পর ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন।
রোনালদোর লক্ষ্য ও উদ্দীপনা ফুটবল ইতিহাসে নতুন রেকর্ডের দিকেই ইঙ্গিত করছে।

