ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এগারো দল সমর্থিত জোটের প্রার্থী মুহাম্মদ আতাউল্লাহর পক্ষে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর ঈদগাহ সংলগ্ন মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বিজয়নগর উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ সরকার এবং সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শাপলা কলি প্রতীকের প্রার্থী মুহাম্মদ আতাউল্লাহ ভোটারদের সমর্থন কামনা করে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় কাজ করবেন। তিনি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব আমিনুল হক চৌধুরী, জামায়াতে ইসলামীর বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক আলী নেওয়াজ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আহম্মেদ হোসেন ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুল কুদ্দুসসহ বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। পথসভা শেষে একটি মিছিল আদমপুর ঈদগাহ এলাকা থেকে টুকচাঁনপুর ও চম্পকনগর বাজার ঘুরে চম্পকনগর মাদরাসা মোড়ে গিয়ে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


