প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া এবার বিএনপিতে যোগ দিচ্ছেন। গণফোরাম এবং পরে গণঅধিকার পরিষদে সক্রিয় থাকার পর তিনি নতুন করে বিএনপির রাজনীতিতে যুক্ত হলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সম্ভাবনাও রয়েছে। বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
রেজা কিবরিয়া জানান, তিনি ইতোমধ্যে বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। তিনি বলেন, “আমি ২০১৮ সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। এবারও হবিগঞ্জ-১ আসন থেকেই ধানের শীষে নির্বাচন করবো।”
উল্লেখ্য, সোমবার বিএনপি ঘোষিত ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও হবিগঞ্জ-১ সহ আরও ৬৩টি আসন আপাতত ফাঁকা রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রেজা কিবরিয়ার যোগদান ও সম্ভাব্য প্রার্থিতাকে মাথায় রেখেই আসনটি এখনো খালি রাখা হয়েছে।
২০১৮ সালে গণফোরামে যোগ দিয়ে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষে নির্বাচন করলেও পরাজিত হন। পরে তিনি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ‘গণঅধিকার পরিষদে’ যোগ দেন এবং আহ্বায়ক হন। তবে দলীয় বিরোধের কারণে পরে তিনি রাজনৈতিকভাবে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরবর্তীতে গণঅধিকার পরিষদ দুই অংশে বিভক্ত হলে একপক্ষের নেতৃত্বে থাকলেও শেষ পর্যন্ত তিনি দলটির দায়িত্ব থেকেও সরে দাঁড়ান।
সাম্প্রতিক সময়ে রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও রেজা কিবরিয়ার বিএনপি-যোগ রাজনীতির সমীকরণে নতুন আলাপ তৈরি করেছে। গণমাধ্যম ও রাজনৈতিক মহলে তার সক্রিয় প্রত্যাবর্তনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

