নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সংগঠিত সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে। গেজেটটি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত।
গেজেটে প্রকাশিত তথ্য অনুযায়ী, হ্যাঁ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬৬০, আর না ভোট হয়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। মোট বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬, বাতিল ভোটের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭, এবং মোট ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩।
নির্বাচন কমিশন জানিয়েছে, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুজনিত কারণে কিছু আসনের ফলাফল স্থগিত রাখা হয়। প্রাপ্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। শুক্রবার দুপুরে ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ইসি। আনুষ্ঠানিকতা শেষে ২৯৭ আসনের গেজেটও প্রকাশিত হলো।

