ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আব্দোল্লাহি বলেছেন, ইসলামি প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়নি; বরং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি প্রতিরোধ জোট ভেঙে পড়ছে—যুক্তরাষ্ট্রের এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বুধবার দেওয়া এক বক্তব্যে আব্দোল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারণা করেছিল প্রতিরোধ জোট দুর্বল হয়ে পড়ছে। কিন্তু বাস্তবে তারা এই জোটের শক্তিশালী উপস্থিতির মুখোমুখি হয়েছে।
তিনি আরও বলেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ এবং ইরাকের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং দৃঢ় অবস্থান প্রদর্শন করছে। তার দাবি, এসব গোষ্ঠী প্রমাণ করেছে যে মার্কিন নেতৃত্ব ও ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের মোকাবিলায় কার্যকরভাবে সক্ষম নয়।
মেজর জেনারেল আব্দোল্লাহি প্রতিরোধ যোদ্ধাদের সাহস, স্থিতিশীলতা ও ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ অগ্রগতির জন্য শুভকামনা জানান।

