পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চলতি মার্চ মাসেও প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। মাসের প্রথম দুই দিনেই দেশে এসেছে ৩৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দেশের মুদ্রায় প্রায় ৪ হাজার ৫৯৯ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের মার্চ মাসের প্রথম দুই দিনে ১৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর ফলে চলতি মাসে প্রবাসী আয়ের বৃদ্ধি প্রায় ১০০ শতাংশ।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২ মার্চ পর্যন্ত দেশে এসেছে মোট ২ হাজার ২৮৩ কোটি ডলার রেমিট্যান্স, যেখানে গত অর্থবছরের একই সময়ে এসেছে ১ হাজার ৮৬৭ কোটি ৮০ লাখ ডলার। এছাড়া সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৩.২ বিলিয়ন ডলার।
ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহের এই বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে।

