বাঁধন মিয়া, মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

