রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর তিনি জোর দিয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান এই তথ্য জানান।
রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, “সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব না।” তিনি সরকারকে সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিসসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান। তার মতে, বর্তমানে এই সংস্থাগুলো আলাদাভাবে কাজ করায় পরিস্থিতি “বিশৃঙ্খলা অবস্থায় আছে।”
রাজউক চেয়ারম্যান দাবি করেন যে, যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় এবং রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ হয় না। তবে অনুমোদনের পর নিয়ম না মানার দায়ভার ভবন মালিকদেরই নিতে হবে বলে তিনি স্পষ্ট করেন:
“রাজউক কাউকে প্ল্যান করে দেয় না। বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যান করে রাজউকে জমা দেয় এই শর্তে যে, রাজউকের নিয়ম মোতাবেক করবেন। পরবর্তীতে তারা সেটা না মানলে জরিমানা কিংবা শাস্তি দিতে হলে সেই বাড়িওয়ালাদেরই দেওয়া উচিত। এর দায়ভার রাজউকের না।”

