বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা নামছে আজ। শুক্রবার (২৩ জানুয়ারি) ফাইনালে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
লিগপর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ে উভয় দল একটি করে ম্যাচ জিতেছিল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে রাজশাহী লিগ পর্ব শেষ করে শীর্ষে থেকে, আর শেখ মেহেদীর চট্টগ্রাম দ্বিতীয় স্থান নিশ্চিত করে প্লে-অফে ওঠে।
এরপর প্রথম কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হলে রাজশাহীকে হারিয়ে সরাসরি ফাইনালে ওঠে চট্টগ্রাম। অন্যদিকে রাজশাহী দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগে হেলিকপ্টারে করে মাঠে আনা হয় বহুল প্রতীক্ষিত বিপিএল ট্রফি। ট্রফি মাঠে পৌঁছানোর পর দুই দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত ফটোসেশনে অংশ নেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের বিপিএল ট্রফি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা, যা হীরক খচিত।
রাজশাহী একাদশ:
সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, কেইন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, এস এম মেহরব, জেমস নিশাম, আব্দুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্ডো, হাসান মুরাদ।
চট্টগ্রাম একাদশ:
মির্জা বেগ, নাঈম শেখ, হাসান নওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আমির জামাল, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম, জাহিদুজ্জামান।

