মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চিকিৎসক সংকটে কার্যত অচল হয়ে পড়েছে। ২০ শয্যার এই হাসপাতালটিতে গত পাঁচ বছর ধরে গাইনি ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা প্রায় বন্ধ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ মার্চ দায়িত্বে থাকা গাইনি বিশেষজ্ঞ ডা. গোপাল চন্দ্র সূত্রধর বদলি হওয়ার পর নতুন কোনো চিকিৎসক পদায়ন করা হয়নি। একই সঙ্গে শিশু বিশেষজ্ঞের পদও শূন্য। আধুনিক অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসক না থাকায় তা ব্যবহারহীন। হাসপাতালের অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল।
স্থানীয়রা জানান, একসময় রোগীতে ভরপুর থাকা হাসপাতাল এখন প্রায় রোগীশূন্য। ফাঁকা ওয়ার্ড, খালি বেড এবং তলাবিহীন অপারেশন থিয়েটার প্রমাণ করছে চিকিৎসা কার্যক্রম স্থবির। বাসিন্দারা দ্রুত গাইনি ও শিশু চিকিৎসক নিয়োগের দাবি তুলেছেন।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুল ইসলাম বলেন, “গাইনি চিকিৎসক না থাকায় সিজারিয়ান অপারেশন সম্ভব হচ্ছে না। রোগী সংখ্যা কমেছে, তবে কেউ এলে আমরা পরামর্শ দিই।” জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নছর মোহাম্মদ কদর উদ্দীন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত পদায়নের আহ্বান রয়েছে।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে, দীর্ঘদিন চিকিৎসক সংকট চললে গুরুত্বপূর্ণ এই মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রটির কার্যকারিতা আরও হ্রাস পাবে।

