মো: এ কে নোমান, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলার মান্দা থানাধীন বিভিন্ন এলাকায় সম্প্রতি একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনায় বড় ধরনের অভিযান পরিচালনা করেছে নওগাঁ জেলা পুলিশ। অভিযানে মান্দা ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারটি চোরাই পাওয়ার টিলার ও একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মান্দা থানায় গত কয়েকদিনে একাধিক পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া গেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত ও উদ্ধার টিম গঠন করা হয়। টিমটি তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে।অভিযানে প্রথমে চোর সন্দেহে মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র এলাকা থেকে মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. ফারুক হোসেন (৪৫) কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে লালবাড়ি এলাকার মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মো. মিলন হোসেন (৫০) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদে ফারুক ও মিলন আরও কয়েকটি ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির কথা পুলিশের কাছে স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ মান্দা থানার নেতৃত্বে গতকাল (১৭ ফেব্রুয়ারি) সারাদিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র, পারইল ও মহাদেবপুর উপজেলার শালবাড়িয়া এলাকা থেকে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়। ট্রাক্টর হারানো দুইজন ভুক্তভোগী রহিদুল ইসলাম ও জয়েনুল ইসলাম বিশ্বাস পাওয়ার টিলার উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃষিনির্ভর মান্দা উপজেলার কৃষি কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এসব যন্ত্র উদ্ধার হওয়ায় স্থানীয় গ্রামবাসীরাও মান্দা থানা পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের প্রশংসা করেন।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। তিনি চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

