সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচটি খাদ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং শ্রীমঙ্গল পৌরসভা প্রশাসন।
অভিযানকালে শহরের রোদ মিষ্টান্ন ভান্ডারে জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রো কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে নুর ফুডস এন্ড রেস্টুরেন্ট, লন্ডন রেস্টুরেন্ট, রিজিক রেস্টুরেন্ট এবং পানসী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমীন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক বিনয় সিংহ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংক্রান্ত আইন মেনে চলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

