ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।
আজ মঙ্গলবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সদরঘাট ও সায়েদাবাদ বাস টার্মিনালে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী যদি বেশি টাকা নেওয়া বা অন্য কোনো হয়রানির শিকার হন, তারা কন্ট্রোল রুমে অভিযোগ করতে পারবেন, এবং র্যাব তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
কামরুজ্জামান জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে র্যাব অপরাধ দমন কার্যক্রম চালাচ্ছে। এ বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ স্থান—সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর, ডেমরায় নিরাপত্তা প্রদানে ৩২টি টিম কাজ করবে। পাশাপাশি ৬টি সিভিল টিম গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্বে থাকবে।
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ছিনতাই বা চুরির মতো অপরাধ প্রতিরোধেও র্যাব বিশেষ তৎপর। অধিনায়ক বলেন, বাসা-বাড়িতে চুরি রোধে ২৪ ঘণ্টা, বিশেষ করে রাতে, নিরাপত্তা জোরদার থাকবে। কোনো যাত্রী বা ভুক্তভোগী কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ করলে র্যাব তাদের সহায়তা নিশ্চিত করবে।

