সালমান আহমদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ২১১ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। ১৫ মার্চ ২০২৬ তারিখে র্যাব-৯ এর সদর দপ্তর সিলেট থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায় যে প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা মাদক উদ্ধার ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ ২০২৬ তারিখ রাতে র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদ পায় যে বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের আমরাগড়া এলাকায় পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২৩.৫৫ ঘটিকায় র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাব উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২১১ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
উদ্ধারকৃত মদের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব না হলেও এ বিষয়ে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের এই কঠোর অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে।

