রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে জমজম টাওয়ার ও স্কয়ার মার্কেট সংলগ্ন এলাকা। উত্তেজিত জনতা স্কয়ার মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা মার্কেটের ভেতরে ঢুকে নিচতলা থেকে তিন তলা পর্যন্ত বিভিন্ন দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে মার্কেটের অধিকাংশ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও বিপুল সংখ্যক বিক্ষোভকারীর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।
এ সময় পরিস্থিতি শান্ত করার জন্য ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানান। তবে উত্তেজিত জনতা তার আহ্বান উপেক্ষা করে ভাঙচুর ও লুটপাট চালিয়ে যায়।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

