বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া অনেক দিন ধরেই গানে তেমন সক্রিয় নন। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই সংগীতচর্চা থেকে দূরে ছিলেন তিনি। তবে দীর্ঘ বিরতি ভেঙে এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন চমক।
‘ক্রিসমাস কার্মা’ নামের নতুন একটি চলচ্চিত্রের জন্য জনপ্রিয় ক্রিসমাস ক্লাসিক গান ‘লাস্ট ক্রিসমাস’-এর দেশীয় সংস্করণে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা। সিনেমাটি পরিচালনা করেছেন গুরিন্দর চাড্ডা। নির্মাতাদের ভাষ্য, প্রিয়াঙ্কার কণ্ঠে গানটি নতুন রূপ পেয়েছে—চিরচেনা সুরের মধ্যেই মিশেছে দেশি অনুভব।
মিউজিক্যাল ঘরানার এই সিনেমাটি ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে। আর ভারতীয় দর্শকরা এটি দেখতে পাবেন ১২ ডিসেম্বর থেকে। ছবিটির সাউন্ডট্র্যাকেও থাকছেন বেশ কিছু আন্তর্জাতিক তারকা—গ্যারি বার্লো, বিলি পোর্টার, নিতিন সাওনি, শ্যাজনে লুইস, পিক্সি লট এবং বয় জর্জ।
চলচ্চিত্র মুক্তির দিনই পুরো অ্যালবাম প্রকাশ পাবে।
উল্লেখ্য, মূল ‘লাস্ট ক্রিসমাস’ গানটি ১৯৮৪ সালে ব্রিটিশ পপ জুটি ‘ওয়াহাম’ প্রকাশ করেছিল। প্রয়াত গায়ক জর্জ মাইকেল গানটি লিখে সুর করেছিলেন। এখনও এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উৎসবের গানের তালিকায় অন্যতম।

