ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাবে। এ লক্ষ্য পূরণে তিনি দেশের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে একটি নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিভেদ নয়, বরং দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান তিনি। পরিশেষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

