আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এটি নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় দেওয়া হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
প্রথম ধাপে টাঙ্গাইল সদরসহ ১১ উপজেলার ২১,৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা বছরে আড়াই হাজার টাকা সরকারি সহায়তা হিসেবে পাবেন। কার্ডটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে, যার মাধ্যমে সার, বীজ, কীটনাশক এবং পশু খাদ্য ক্রয় করা যাবে।
প্রথম ধাপের উপজেলাগুলো হলো:
টাঙ্গাইল সদর, পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ
কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ, মৌলভীবাজারের জুড়ী
বৈঠকে সরকারি সহায়তার স্বচ্ছতা নিশ্চিত করতে কৃষকদের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়েও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াসিন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

