আজ সোমবার (১৬ মার্চ) দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ছয় মাসে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খনন করা হবে। পরবর্তী পর্যায়ে পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। বেলা সাড়ে ১১টায় সাহাপাড়া খাল খননের মাধ্যমে একযোগে দেশের বাকি ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সেখানে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন।
বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে গিয়ে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে সুধী সমাবেশে অংশ নেবেন এবং ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।
সন্ধ্যা পৌনে সাতটায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

