ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ : আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক বিতরণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালেই দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণিজনদের হাতে একুশে পদক তুলে দেবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, পদক বিতরণ অনুষ্ঠানে দেশের গুণীজনদের অবদানের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করা হবে। একই দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধনও অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী মেলার সূচনা ঘোষণা করবেন।
সরকার এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া পুরোপুরি মওকুফ করেছে, যা প্রকাশকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনুষ্ঠান দুটি ঘিরে সকল প্রয়োজনীয় প্রস্তুতিও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

