দিনাজপুর প্রতিনিধি :
সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রকল্পের লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে দেশের প্রায় দুই কোটি পরিবারের মাঝে কার্ড বিতরণ করা।
শনিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, একটি পরিবারের প্রধান নারী ও পুরুষকে সমন্বয় করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য এ কার্ডের আওতায় অন্তর্ভুক্ত থাকবেন। এই কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের সকল তথ্য সংরক্ষণ করা হবে এবং সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা সহজলভ্য হবে। তথ্য সংগ্রহের পর সরকারি কর্মকর্তাদের মাধ্যমে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হবে।
সভা সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে শেষ হয়। জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী ডা. জাহিদ।
মন্ত্রী আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মেগা প্রকল্প খাল খনন ও নদী পুনঃখনন কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। এর মাধ্যমে দেশের মরুকরণ রোধ করা সম্ভব হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশকে ‘সোনার দেশে’ রূপান্তরে সহায়ক হবে।
তিনি আশা প্রকাশ করেন, ফসল উৎপাদন কাঙ্ক্ষিত হারে বৃদ্ধি পেলে বাংলাদেশ আবারও খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে পারবে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতি বজায় থাকবে এবং মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকসহ জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধানরা।

