বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
র্যাঙ্ক ব্যাজ পরানোর সময় প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাউদ্দিন আহমদ। ব্যাজ পরানো শেষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি সরকার মোঃ আলী হোসেন ফকিরকে পুলিশ বাহিনীর শীর্ষ পদে নিয়োগ প্রদান করে। আজ থেকে এই নতুন ব্যাজ পরিধানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পুলিশ প্রধানের দায়িত্ব পালনের যাত্রা শুরু করলেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং পুলিশের উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

