সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের বাসিন্দা কাজী নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে প্রতিবেশীদের বিরুদ্ধে ধারাবাহিক মামলাবাজি, হামলার চেষ্টা ও হয়রানির অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ২টায় উপজেলার পাগলাবাজারের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।
কাজী নজরুল ইসলাম দাবি করেন, তাদের পরিবার প্রায় ৫০ বছর ধরে পূর্বপুরুষদের জমিতে বসবাস করে আসছে। সম্প্রতি ওই জমিতে ভবন সম্প্রসারণের কাজ শুরু করলে প্রতিপক্ষ শাখাওয়াত হোসেন ও জুলহাস হোসেন গং বাধা দেন এবং লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা করেন। স্থানীয়দের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেলেও পরবর্তীতে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, গত কয়েক বছরে তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ ও সিলেটে অন্তত ১০ থেকে ১৫টি মামলা করা হয়েছে, যেগুলোর অধিকাংশই মিথ্যা ও প্রতিহিংসামূলক। এমনকি পারিবারিক সদস্যদের বিরুদ্ধেও মামলা ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে কাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষ নিজেদের প্রতিবন্ধী পরিচয় ব্যবহার করে প্রশাসন ও সাধারণ মানুষের সহানুভূতি নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অর্থ আদায়ের চেষ্টা করছে।
এ অবস্থায় তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি বিষয়টি গণমাধ্যমে গুরুত্বসহকারে উপস্থাপনের আহ্বান জানান।
অন্যদিকে অভিযুক্ত জুলহাস হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা প্রতিবন্ধী হওয়ায় চলাফেরায় অসুবিধা হয় এবং তাদের পক্ষে একাধিক মামলা করা সম্ভব নয়। তিনি দাবি করেন, তাদের সম্পত্তি দখল করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় মামলা ছাড়া কোনো উপায় নেই।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

