ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ প্রচারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে সতর্ক করেছেন দেশটির সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার প্রধান ব্র্যান্ডেন কার। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন গ্যাভিন নিউসম।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম অভিযোগ করেন, ইরান যুদ্ধের খবর প্রচার সরকারের পছন্দ না হলে সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া হয়েছে। তার মতে, এ ধরনের বক্তব্য গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
এদিকে ব্র্যান্ডেন কার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, গুজব বা বিকৃত তথ্য প্রচার থেকে গণমাধ্যমকে বিরত থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, লাইসেন্স নবায়নের আগে সংবাদমাধ্যমগুলোর নিজেদের অবস্থান সংশোধনের সুযোগ রয়েছে।
এই মন্তব্য প্রকাশের পরপরই তা রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দেয়। অনেকেই এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর চাপ হিসেবে দেখছেন।
হাওয়াই অঙ্গরাজ্যের সিনেটর ব্রায়ান শ্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এমন বক্তব্যের অর্থ দাঁড়ায়—যুদ্ধ নিয়ে ইতিবাচক প্রতিবেদন না হলে সম্প্রচার লাইসেন্স নবায়ন নাও হতে পারে। তার মতে, এটি কার্যত গণমাধ্যমকে কীভাবে যুদ্ধের খবর প্রচার করতে হবে সে বিষয়ে চাপ প্রয়োগের শামিল।

