বাংলা এফএম ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ পেতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র। সূত্রটি জানায়, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যদিও এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্যায়ন ও কারিগরি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বলেন, “ফল প্রকাশের বিষয়ে এই মুহূর্তে নির্দিষ্ট সময়সূচি জানাতে চাই না। তবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল খুব শিগগিরই প্রকাশ করা হবে—এটি নিশ্চিত।”
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’–এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৯ জানুয়ারি। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০ লাখেরও বেশি প্রার্থী অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে ফল প্রকাশ নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবরই সেগুলোকে ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করে আসছে। ফল প্রকাশের খবরে এখন পরীক্ষার্থীদের মধ্যে অপেক্ষা ও উৎকণ্ঠা চরমে পৌঁছেছে।

