টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে টালমাটাল কলকাতার টেলিভিশন ইন্ডাস্ট্রি। সেই ঘটনার জেরে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্’-এর ওপর নেমে এসেছে একের পর এক খাঁড়া। ‘ভোলেবাবা পার করেগা’র পর এবার বন্ধ হয়ে যাচ্ছে এই সংস্থার আরও একটি জনপ্রিয় সিরিয়াল ‘চিরসখা’।
গত ৭ এপ্রিল ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালটির শেষ সম্প্রচার হয়। এরপরই ‘আর্টিস্ট ফোরাম’-এর আপত্তিতে ‘চিরসখা’ সিরিয়ালটি বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ১২ এপ্রিল শেষবারের মতো পর্দায় দেখা যাবে এই সিরিয়ালটি।
গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান অভিনেতা রাহুল। এই মৃত্যুকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রি জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আর্টিস্ট ফোরামের অভিযোগ, প্রযোজক এবং পরিচালকদের অবহেলা এবং চিত্রনাট্যকারের খামখেয়ালিপনার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
টালিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় এবং তার প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে বয়কট করার ডাক দিয়েছেন ইন্ডাস্ট্রির একাংশ। এরই সরাসরি প্রভাব পড়ছে চলমান প্রজেক্টগুলোতে।
এই সিরিয়ালের ভবিষ্যৎও এখন চরম অনিশ্চয়তার মুখে। গত ৮ এপ্রিল লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, লীনা গঙ্গোপাধ্যায় যদি সিরিয়াল থেকে সরে দাঁড়ান এবং চিত্রনাট্যের দায়িত্ব অন্য কাউকে হস্তান্তর করেন, তবেই হয়তো জট কাটতে পারে।
টালিউডের এই অভ্যন্তরীণ সংঘাতের জেরে প্রিয় সিরিয়ালগুলো একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় হতাশ দর্শকরা। এখন দেখার বিষয়, আইনি ও সাংগঠনিক এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।

