নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার পুলিশ লাইন্স সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত থাকায় বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানায়।
এদিকে, অবরোধের কারণে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলমান রয়েছে।

