ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু ঘটে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিন সকাল সাড়ে ৭টায় সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেওয়া হবে। দেশের মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭,৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।
এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১,৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০)।
ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১,২৩২ জন।

