রাজধানীর স্কুলসময়ে সৃষ্ট যানজট কমাতে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, স্কুল শুরুর ও ছুটির সময় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে তীব্র যানজট তৈরি হওয়ায় প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত চাপ কমিয়ে কীভাবে শিক্ষার্থীদের যাতায়াত আরও সুশৃঙ্খল করা যায়, সে বিষয়ে দ্রুত পরিকল্পনা তৈরির তাগিদ দিয়েছেন তিনি।
আলোচনায় উঠে আসে, অনেক স্কুলে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থীর বিপরীতে বিপুল সংখ্যক ব্যক্তিগত গাড়ি প্রতিষ্ঠান প্রাঙ্গণের সামনে ভিড় করে, যা আশপাশের সড়কে মারাত্মক যানজট সৃষ্টি করে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি শিক্ষার্থীরাও সময়মতো স্কুলে পৌঁছাতে সমস্যায় পড়ছে।
এই পরিস্থিতি নিরসনে সমস্যাগুলো বিশ্লেষণ করে আধুনিক ও বাস্তবসম্মত সমাধান প্রস্তাবের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

