কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর জন্য ১৫২ মিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অংশ হিসেবে তিনি এই পরিকল্পনার কথা জানান।
সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত এই ঐতিহাসিক কারাগারটি ‘দ্য রক’ নামে পরিচিত। একসময় এটি যুক্তরাষ্ট্রের অন্যতম ভয়ংকর ও কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত ছিল।
ট্রাম্পের এই প্রস্তাব ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার কয়েকজন রাজনীতিক। তাদের মতে, প্রকল্পটির মোট ব্যয় কত দাঁড়াবে এবং এটিকে আবার সক্রিয় কারাগার হিসেবে চালু করা কতটা বাস্তবসম্মত—তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।
উল্লেখ্য, ১৯৬৩ সালে কারাগারটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এর ব্যবস্থাপনায় রয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস।

