এম এ আউয়াল আশিকঃ
দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর মাঝেরহাটের কুয়েতপ্রবাসী আব্দুস সালাম প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনি গরু জবাই করে গরিব ও দুস্থ পরিবারের মাঝে গোশত ও ঈদসামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার সকাল ১০টায় প্রায় ১০০টি পরিবারের মাঝে ১ কেজি করে গোশত, পোলাওয়ের চাল, তেল, চিনি ও সেমাই বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসে এ উপহার পেয়ে উপকারভোগীরা আব্দুস সালাম ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
প্রবাসী আব্দুস সালামের পক্ষে তাঁর বাবা মো. আব্দুল হাই নিজ হাতে সবার মাঝে গোশত বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর চাচা হাজী মো. আম্বর আলী, সমাজকর্মী আজিম মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী বলেন, “প্রবাসে থেকেও আব্দুস সালাম যেভাবে এলাকার অসহায় মানুষের খোঁজ রাখেন, তা সত্যিই প্রশংসনীয়। তিনি শুধু আর্থিক সহায়তাই নয়, মানবিক দায়িত্ববোধেরও উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন।”
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানরা এ থেকে অনুপ্রাণিত হবেন।

