জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে মাদক ক্রয়-বিক্রয়ে বাধা দেওয়ায় এক পথচারীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দেওগ্রাম জালায়গাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওগ্রাম এলাকার বাসিন্দা মোসারফ হোসেন সাবু নামের এক পথচারী ওই স্থানে মাদক ক্রয়-বিক্রয় চলতে দেখে প্রতিবাদ করেন। এ সময় তিনি অভিযুক্তদের এলাকায় মাদক বিক্রি না করার জন্য নিষেধ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী উপজেলার পাঁচ গ্রাম গ্রামের ধলু মল্লার ছেলে দেলোয়ার,একই গ্রামের আনসারের ছেলে সানোয়ার বিপ্লব আলমসহ তাদের সহযোগীরা সাবুকে পেছন হাত ধরে রাখে সানোয়ার পেছন থেকে ধারালো অস্ত্র (চাইনিজ কুড়াল) দিয়ে সাবুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পাঁচগ্রাম এলাকার তোজাম্মেল হোসেন বুলু, বকুল, মজনু, বাবলুসহ একাধিক গ্রামবাসী জানান, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে পুরো এলাকা আজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। মাদকের বিস্তারের কারণে যুব সমাজ দিন দিন বিপথে চলে যাচ্ছে এবং পরিবারগুলো সন্তানদের নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে। গ্রামবাসীরা আরও বলেন, প্রশাসনের প্রতি তাদের আকুল আবেদন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এলাকাকে মাদকমুক্ত করা হোক। তাদের দাবি, এসব মাদক ব্যবসায়ী রাতের আঁধারে এবং মোবাইল ফোনের মাধ্যমে গোপনে মাদক বিক্রি করে যাচ্ছে, যা তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
একটি সূত্র জানায়, সীমান্তের কাছে থাকায় সহজেই জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় ঢুকে পড়ে ভারতীয় মদ, ফেনসিডিলসহ নানাধরনের মাদকদ্রব্য।
একই গ্রামের আরও কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ছালিমা (স্বামী: গোলজার প্রামাণিক), কল্পনা (স্বামী: রফিকুল সরকার ওরফে পচা), রফিকুল ইসলাম ওরফে পচা (পিতা: মৃত আফছার সরকার) এবং বেলি (স্বামী: মুনছুর ফকির) দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার পনুট ইউনিয়নের আসপাসের কয়েকটি গ্রামের কতিপয় যুবকই মূলত নিয়ন্ত্রণ করছে এ মাদক ব্যবসা (যাদের নাম পরবর্তী প্রতিবেদনে আসছে)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছি। এতে একজন ব্যক্তি আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

