পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হচ্ছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের এটি হবে তৃতীয় বৈঠক।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের কার্যসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে:
গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছিলেন, তার ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ আলোচনা হবে।
আজকের অধিবেশনে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতির কার্যালয় সংশ্লিষ্ট নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করে তিনজন সংসদ সদস্যের দেওয়া নোটিশের ওপর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের এক মাস পর গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের পাঁচ বছরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রথম দফায় মাত্র দুটি বৈঠকের পর গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঈদুল ফিতরের ছুটির কারণে ২৯ মার্চ পর্যন্ত অধিবেশন মূলতবি করেছিলেন।
সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা এই আলোচনায় অংশ নেবেন।

