চলতি মাসের ২৯ তারিখ বিকেল ৩টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন পুনরায় শুরু হয়।
অধিবেশন পবিত্র কুরআনের তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে, ১২ মার্চ প্রথম অধিবেশন শুরু হলেও তা রোববার পর্যন্ত মুলতবি রাখা হয়েছিল। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর অধিবেশনে মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় বরাদ্দ করা হয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।

