পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার আসছেন ঢাকায়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, তাদের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসবেন এই তারকা। তবে কবে আসবেন, তা শিগগিরই ঘোষণা করা হবে।
হানিয়া আমির দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সেই সূত্রেই বাংলাদেশ সফরে আসছেন তিনি। ঢাকায় কয়েক দিন অবস্থান করার কথা রয়েছে তাঁর।
২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হানিয়ার। এরপর ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডেও অভিষেক ঘটেছে তাঁর।
রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস কিংবা চরিত্রনির্ভর—সব ধরনের ভূমিকাতেই সমান দক্ষতা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশি দর্শকদের কাছেও আলাদা জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

