পাকিস্তান আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি ও গোপন আস্তানা লক্ষ্য করে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। খবর The Guardian।
তবে আফগানিস্তান-এর নির্দিষ্ট কোন এলাকায় হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তান সরকার। অন্যদিকে আফগানিস্তানও তাৎক্ষণিকভাবে এ হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক হামলার জেরে সীমান্ত পেরিয়ে এই অভিযান চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাহার জানান, টিটিপি ও এর সহযোগী আইএস-এর সাতটি ক্যাম্প ও গোপন আস্তানাকে লক্ষ্য করে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে।
এর আগে গত বছরের অক্টোবরেও আফগানিস্তানের গভীরে সন্ত্রাসী আস্তানায় হামলা চালায় পাকিস্তানের বাহিনী। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ, তবে দেশের নাগরিকদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার।
সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন পাকিস্তানি সেনা নিহত হয়। এ হামলার জন্য টিটিপিকে দায়ী করে পাকিস্তান।
সর্বশেষ এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে। সর্বশেষ এই হামলার জবাবে আফগানিস্তান কী পদক্ষেপ নেয়, তা এখন পর্যবেক্ষণে রয়েছে।

