পাবনার ঈশ্বরদী উপজেলার একটি হস্তশিল্প কারখানায় ইফতার খাওয়ার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ২৬ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনা সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিডি ক্রিয়েশন কোম্পানি কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য ইফতারের আয়োজন করেছিল। মেন্যুতে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ ও স্যালাইন। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শ্রমিকদের মধ্যে পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা দেখা দেয় এবং অনেকে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করেন।
একজন অসুস্থ শ্রমিক জমেলা খাতুন বলেন, “ইফতার খাওয়ার পর হঠাৎ বমি বমি ভাব শুরু হয়। একপর্যায় মাথা ঘুরে পড়ে যাই। আমার মনে হয় ইফতারে ভেজাল খাবার ছিল।”
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং অধিকাংশের অবস্থা স্থিতিশীল। তবে ঘটনার সঠিক কারণ জানতে খাদ্য নমুনা পরীক্ষা করা প্রয়োজন।
ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজখবর নিয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
হঠাৎ এতো সংখ্যক শ্রমিক অসুস্থ হওয়ার কারণে কারখানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও **ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

