মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বাস নদীতে নিমজ্জিত হওয়ার ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার। নিখোঁজ ব্যক্তির নাম রিপন। তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়।
পরিবারের দাবি, রিপন রাজবাড়ী নতুন বাজার এলাকা থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ওঠেন। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ রিপনকে উদ্ধারে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দৌলতদিয়া ৩ নম্বর ঘাট এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
ঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নিখোঁজ স্বজনের অপেক্ষায় বর্তমানে আর কেউ অবস্থান করছেন না। তবুও উদ্ধারকর্মীরা সম্ভাব্য সব স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

