জনমুখী ও কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে গঠিত সংস্কার কমিশনের ৪০০-রও বেশি প্রস্তাবের মধ্যে ৩৩টি বাস্তবায়নের জন্য বেছে নিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে আড়াই মাস পেরিয়ে গেলেও এর মধ্যে বাস্তবায়িত হয়েছে মাত্র ছয়টি। এতে পরিকল্পনার গতি নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।
গত ১৩ আগস্ট অনুষ্ঠিত এক বৈঠকে ৩৩টি সুপারিশকে ‘আশু বাস্তবায়নযোগ্য’ হিসেবে চিহ্নিত করে চলতি বছরেই বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু অক্টোবরের শেষ নাগাদ দেখা গেছে, বেশিরভাগ প্রস্তাব এখনও বাস্তবায়ন পর্যায়ে পৌঁছায়নি।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, “যেসব সংস্কার তাৎক্ষণিকভাবে সম্ভব ছিল, সেগুলো আমরা করেছি। কিছু বিষয় সংবেদনশীল— সেগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নিতে হচ্ছে।” তিনি আরও জানান, বাস্তবায়িত সুপারিশগুলোর প্রভাব আগামী দেড় মাসের মধ্যেই দৃশ্যমান হবে।

