নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুরে ঈদের ছুটির সুযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। এ ঘটনায় এক চোরকে গ্রেফতার করে কিছু চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক পল্টু কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৬ মার্চ) তাহিরপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ওই চুরির ঘটনায় জড়িত ইয়াসিন নুর নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের আইনুল হকের ছেলে।
শুক্রবার (২৭ মার্চ) ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রিপন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের ছুটিতে বিদ্যালয় ফাঁকা থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বিদ্যালয়ের দরজা ভেঙে সিসি ক্যামেরার মনিটর, কাসার ঘন্টি, জাতীয় সঙ্গীত বাজানোর দুটি স্পিকার (সাউন্ডবক্স), ১০টি বৈদ্যুতিক বাল্ব, একটি সিলিং ফ্যান ও একটি সোলার প্যানেলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এদিকে পরিবেশ ও সমাজ উন্নয়ন কর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ বলেন, এলাকায় মাদকসেবী ও জুয়াড়ির সংখ্যা বাড়ায় টাকার প্রয়োজন মেটাতে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে।

