মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন শিবাতলী এলাকায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে সন্দেহজনক হওয়ায় দুই পুত্রবধূসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এক বৃদ্ধা মহিলার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়। পরে আলীকদম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়। কে বা কারা কি কারনে এই বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
নিহতের ছেলে নুরুল আমিন বলেন, আমার মায়ের বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন।
এ বয়সে তাকে এমন নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, রাত ৯টার দিকে ৯৯৯ এ কল আসে আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় নিজ বাড়িতে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। তবে সন্দেহজনক দুই পুত্রবধূসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

