ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬.১২ ডলার পৌঁছায়, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়। একই সময়ে, যুক্তরাষ্ট্রের তেলের দাম ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০১.৫৩ ডলারে ওঠে।
বিশ্লেষকরা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে চলা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী যুদ্ধ শুরুর পর থেকে কার্যত বন্ধ রয়েছে, যেখানে বিশ্বে সরবরাহ হওয়া প্রায় ২০ শতাংশ তেল পরিবহন করা হয়।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদের সহায়তায় দ্রুত ওই জলপথ পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তেলের সরবরাহ দ্রুত ও নিরাপদভাবে স্বাভাবিক করতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীকে মোতায়েন করা হলেও, প্রস্তুতি সম্পন্ন হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে স্বীকার করেছে প্রশাসন।
এদিকে, চাপ বাড়াতে হরমুজ প্রণালীতে মাইন পেতে রাখা এবং যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তেল ও গ্যাস স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর থেকে ওই জলপথে একাধিক তেলবাহী জাহাজ হামলার মুখে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

