ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এতে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দর।
সোমবার (৩০ মার্চ) বাজারে আগের দিনের তুলনায় প্রায় ২.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়ায় ১১৫ দশমিক ৯৩ ডলারে। বিশ্লেষকদের মতে, এটি ২৭ ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৬২ শতাংশ বেশি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ব্রেন্ট ক্রুডের দামও প্রায় ৩.০১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছে।
অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, বর্তমান মূল্যবৃদ্ধির হার ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণের সময়ের বাজার অস্থিরতাকেও ছাড়িয়ে গেছে।
এদিকে পরিস্থিতি অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার প্রতি ব্যারেল।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সংকটের পূর্ণ প্রভাব এখনো বাজারে পুরোপুরি প্রতিফলিত হয়নি, আগামী মাসগুলোতে এর অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট হতে পারে।

