ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের কেন্দ্রভিত্তিক ভোট গণনা শেষে প্রাপ্ত সমন্বিত ফলাফলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বিজয়ী ঘোষণা করেন। ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী বড় ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী,ট্রাক প্রতীকে নূরুল হক নূর পেয়েছেন ৭৩,৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, যিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করেন,তিনি পেয়েছেন ৪৭,৯৫০ ভোট।
দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত এই সংসদ নির্বাচন ঘিরে পটুয়াখালী-৩ আসনটি দেশজুড়ে ব্যাপক আলোচনায় ছিল। সাবেক ডাকসু ভিপি নূরের নিজ এলাকায় এটিই ছিল প্রথম সংসদীয় নির্বাচন,ফলে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ জমজমাট। বিশেষ করে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে হাসান মামুনের শক্ত অবস্থান লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।
যুগপৎ আন্দোলনের শরিক দল গণঅধিকার পরিষদ-এর সভাপতি নূরুল হক নূরকে এই আসনটি ছেড়ে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় হাসান মামুনকে পরে দল থেকে বহিষ্কার করা হয়। জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি দলীয় পদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ফলাফল ঘোষণার আগেই হাসান মামুন তার প্রতিদ্বন্দ্বী নূরকে অভিনন্দন জানান।
এদিকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নূরুল হক নূর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গলাচিপা-দশমিনাবাসীর প্রতি ধন্যবাদ জানান। তিনি লেখেন,জনগণের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনই তার বিজয়ের মূল শক্তি এবং এই বিজয় তিনি এলাকাবাসীকে উৎসর্গ করছেন।
পোস্টে তিনি তারেক রহমান-এর প্রতি সমর্থন ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি প্রশাসন,নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক সহযোদ্ধা,শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক,পেশাজীবী ও সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সমর্থকদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি প্রতিশোধ নয়, সহনশীলতার আহ্বান জানান এবং ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য তার অঙ্গীকারে শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ,অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কথা উল্লেখ করেন। তিনি গলাচিপা-দশমিনাকে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের মডেল জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মাদক,চাঁদাবাজি,দখলবাজি ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথাও জানান।
সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল শ্রেণি-পেশার মানুষের আস্থা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে নূর বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।

