বলিউড অভিনেত্রী ওনৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমিকে নিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গুঞ্জনটি মূলত একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় তাদের পারস্পরিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন ২০২৫)–এর একটি ম্যাচে মরক্কো দলকে সমর্থন করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। সেই সময়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় নেটিজেনদের মধ্যে হাকিমির সঙ্গে নোরার সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়।
বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, নোরা কেবল তার প্রিয় দলকে সমর্থনই করেননি, বরং কথিত প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতে মরক্কোয় গিয়েছিলেন। এই গুঞ্জন আরও প্রবল হয়, যখন মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া দিতে দেখা গেছে।
তবে এখন পর্যন্ত নোরা ফাতেহি বা আশরাফ হাকিমি কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তাই গুঞ্জনগুলো সংবাদ ও নেটিজেনদের পর্যবেক্ষণেই সীমাবদ্ধ।

