সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ১৬৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী,বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।
এ আসনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৭ হাজার ৪৮০টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ৬৩৩টি। মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল নিশ্চিত করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর দীর্ঘদিন পর জেলায় সবকটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হওয়ায় তাদের কর্মী-সমর্থকদের মাঝে উল্লাস লক্ষ্য করা যায়।
এদিকে নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী এক আবেগঘন প্রতিক্রিয়ায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেওয়া এক বার্তায় তিনি বলেন,”দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যারা রিকশা প্রতীকের পক্ষে কাজ করেছেন,তাদের ঋণ তিনি কখনো শোধ করতে পারবেন না;এর উত্তম প্রতিদান আল্লাহ তায়ালাই দেবেন।
তিনি আরও বলেন,”জুলাই পরবর্তী বাংলাদেশকে নতুনভাবে গড়ার লক্ষ্যে এক মাসব্যাপী আন্দোলন-সংগ্রামে এলাকার মানুষ তার সহযোদ্ধা হয়ে কাজ করেছেন। চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত একটি জনপদ গড়ার যে লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছিলেন,সেই লড়াই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি রাজপথ ছাড়বেন না।
শেষে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা,ভালোবাসা ও দোয়া জানিয়ে বলেন,আল্লাহ তায়ালা যেন সবার মেহনত কবুল করেন-এই প্রার্থনাই তার।

