ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে বিশ্বকাপ পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়নি। তিনি এখনো সেলেসাওদের প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবেই রয়েছেন।
ফরাসি সংবাদমাধ্যম L’Equipe-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমারকে নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। নিজেকে প্রমাণ করে দলে জায়গা করে নেওয়ার জন্য তার হাতে এখনো সময় রয়েছে।
গত মার্চে ঘোষিত স্কোয়াডে নেইমারের অনুপস্থিতি নিয়ে ফুটবল বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে আনচেলত্তি জানিয়েছেন, তিনি শুধুমাত্র শতভাগ ফিট খেলোয়াড়দেরই দলে রাখতে চান।
তিনি বলেন, নেইমার ব্রাজিলিয়ান ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এখনো দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন। বর্তমানে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তার পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ইনজুরি কাটিয়ে নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ। তিনি জানান, নিয়মিত খেলা ও ফিটনেস উন্নত করতে পারলে নেইমারের দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল।
এছাড়া তরুণ ফরোয়ার্ড এন্দরিকের পারফরম্যান্স নিয়েও সন্তোষ প্রকাশ করেন আনচেলত্তি। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ নেইমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।

