মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্কনীতির ধাক্কায় টানাপোড়েন চলছে দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে। এ সুযোগে সম্পর্ক উন্নয়নের পথে এগোচ্ছে ভারত ও চীন। সম্প্রতি দিল্লি সফর করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তাঁর সফরে দুই দেশ সীমান্ত সংলাপ জোরদার, আকাশপথ চালু, ভিসা ও পর্যটন সহজীকরণসহ লিপুলেখ, নাথুলা ও শিপকিলা গিরিপথ দিয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় শুরুর বিষয়ে একমত হয়েছে।
চলতি মাসের শেষে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের চাপই দিল্লি ও বেইজিংকে কাছে এনেছে।
তবে সীমান্ত বিরোধ, নেপালের দাবি ও পাকিস্তান ইস্যুতে ভিন্ন অবস্থানের কারণে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, আপাতত দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়লেও আস্থার সংকট কাটানো ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

